আমরা আপনাকে ভুলবো না আতা ভাই : লাকী ইনাম

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও মঞ্চসারথি হিসেবে পরিচিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ রাখা হয়। সেখানে প্রিয় সহকর্মীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বরেণ্য অভিনেত্রী লাকী ইনাম। আতাউর রহমান সম্পর্কে বলতে গিয়ে লাকী ইনাম বলেন, নির্দেশক, অভিনেতা, নাট্য গবেষক, প্রাবন্ধিক আমাদের আতাউর রহমান, আতা ভাই আমাদের মধ্যে আজ আর নেই। সবাইকে চলে যেতে হবে। কিন্তু যারা এই পৃথিবীকে, এই পৃথিবীর মানুষকে, দেশকে, দেশের সংস্কৃতিকে অনেক কিছু দিয়ে গেছেন তাদের চলে যাওয়া অপূরণীয়। ঠিক তেমন একজন মানুষ ছিলেন আতাউর রহমান। কাজ করেছিলাম আতা ভাইয়ের সঙ্গে। সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’।

আতাউর রহমান নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশনার সেই স্মৃতি, সেই কর্মকাণ্ড সব আমার আজকে ভীষণভাবে মনে পড়ছে। তিনি হাতে ধরে আমাকে মঞ্চে থিয়েটার করা শিখিয়েছিলেন। উনি আমার প্রথম নির্দেশক। সবশেষে তিনি বলেন, আতা ভাই চলে গেছেন। যেখানে গেছেন ভালো থাকুন। আমরা আপনাকে ভুলবো না আতা ভাই। আপনি আমাদের হৃদয়ে সব সময়ের জন্যে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধআতাউর রহমান ছোট বাচ্চাদের মতো সরল ছিলেন : জাহিদ হাসান
পরবর্তী নিবন্ধতামিলনাডুর ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়