আবারও হরমুজ থেকে ফিরে গেল বাংলার জয়যাত্রা

প্রণালি অতিক্রমের আবেদন প্রত্যাখান ইরানের

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

মাত্র কয়েক নটিক্যাল মাইল দূরে হরমুজ। অথচ অনুমতি না পাওয়ায় আবারও ফিরতি পথে ঘুরতে হলো বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’কে।

হরমুজ প্রণালি উন্মুক্ত করার খবর পেয়ে জাহাজটি যাত্রা শুরু করেছিল। কিন্তু মাত্র কয়েক নটিক্যাল মাইল দূরে থাকতে ইরানি নৌবাহিনীর ‘অনুমতি’ না পাওয়ায় জাহাজটি আবারও সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের জলসীমার বাইরে ফিরে গেছে।

বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে হরমুজ প্রণালি অতিক্রম না করে জাহাজটি দিক ঘুরিয়ে আগের অবস্থানে ফিরে আসার জন্য রওনা দেওয়ার কথা জানান ‘বাংলার জয়যাত্রা’র ক্যাপ্টেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ইরানের নৌবাহিনী আমাদের জাহাজের হরমুজ প্রণালি অতিক্রমের আবেদন প্রত্যাখান করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে আমরা জাহাজ নিয়ে পুনরায় মিনা সাকার বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হতে পারেনি। সেটি আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

ইরান বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খোলার ঘোষণা দেওয়ার পর মিনা সাকার বন্দরের বহির্নোঙরে থাকা ‘এমভি বাংলার জয়যাত্রা’ গত শুক্রবার রাত ৯টার দিকে হরমুজ প্রণালির দিকে রওনা দেয়। গভীর রাতে সারবাহী জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়। রাতেই জাহাজটির হরমুজ প্রণালি পার হয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বন্দরের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অনুমতির অভাবে জাহাজটিকে মিনা সাকার বন্দরের বহির্নোঙরে ফিরে যেতে হয়েছে। এ নিয়ে তিন দফায় উদ্যোগ নিয়েও জাহাজটি হরমুজ পার হতে পারেনি।

বিএসসির মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত হচ্ছে। জাহাজটির ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা রয়েছে।

এর আগে যুদ্ধবিরতি শুরু হলে ৮ এপ্রিল হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল ‘এমভি বাংলার জয়যাত্রা’। কিন্তু অনুমতি না পাওয়ায় সেই যাত্রায় হরমুজ প্রণালি পার হতে পারেনি জাহাজটি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এর আগেও একবার জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল। তখন আরব আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়।

যুদ্ধের আগে সারবোঝাই করে ‘বাংলার জয়যাত্রা’ আরব আমিরাতের জেবেলে আলী বন্দরে প্রবেশ করেছিল। ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত ২৬ জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। গত ২৬ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের বহির্নোঙরে যায় ‘এমভি বাংলার জয়যাত্রা’। পরদিন বন্দরের ১০ নম্বর টার্মিনালে ভেড়ে সেটি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতা এবং ইরানের বন্দর অবরোধের অভিযোগ এনে ইরান শুক্রবার রাতে পুনরায় হরমুজ বন্ধ করে দিয়েছে। অনুমতি না নিয়ে পার হতে চাওয়া দুইটি জাহাজে গুলিও করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘর বাঁচাতে গিয়ে জীবন দিলেন মনতুষ
পরবর্তী নিবন্ধএনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেবে : নৌ মন্ত্রী