ফটিকছড়ি উপজেলায় বসতঘরে মোটরসাইকেল থেকে ড্রামে তেল স্থানান্তরের সময় দগ্ধ হয়ে মনতুষ নাথ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয় জনতা অয়েল অ্যান্ড কোং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত আটটার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগর গ্রামের নাথ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনতুষ ওই এলাকার হরিমন দেব নাথের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেল থেকে একটি প্লাস্টিকের ড্রামে তেল ঢালা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তেলের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। নিহতের ভাতিজা সুজন নাথ বলেন, মানুষের চিৎকার শুনে তিনি এগিয়ে গিয়ে দেখেন তার চাচার শরীরের সামনের অংশ পুড়ে গেছে। মনতুষের স্ত্রীর বরাত দিয়ে সুজন আরও জানান, ড্রামে তেল ঢালতে গিয়ে আগুন লেগে গেলে সেটি পুকুরে ফেলে দিতে গিয়ে তিনি দগ্ধ হন।
স্থানীয় বিএনপি নেতা শরীয়ত উল্লাহ বলেন, খবর পেয়ে তারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ড্রামের আগুন যাতে ঘরে না লাগে, সে জন্য মনতুষ ড্রামটি বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ঘর বাঁচাতে গিয়েই তিনি প্রাণ হারালেন।
ঘটনার চার দিন পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মনতুষের মৃত্যু হয়। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালতে গিয়ে আগুন লাগে এবং তাতে দগ্ধ হয়ে মনতুষের মৃত্যু হয়। বিস্তারিত পরে জানা যাবে।














