আন্তর্জাতিক নার্সেস দিবসের অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বর্তমান সময়ে নার্সিং অত্যন্ত সম্মানজনক পেশা

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, আমাদের সমাজের অন্যতম গর্বিত অংশ নার্স। বর্তমান সময়ে নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। এটি মহৎ ও সেবাধর্মী একটি পেশা। এটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার চাকরি। অসুস্থদের সুস্থ করে কর্মক্ষমতায় ফিরিয়ে আনার দায়িত্বে তাদের ভূমিকা অপরিসীম। নার্সদের কঠিন পরিশ্রম ও তাদের সেবা ছাড়া রোগীর সুস্থ হয়ে উঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন। স্বাস্থ্যসেবার উন্নয়নে হাসপাতালক্লিনিকে ডাক্তারদের পাশাপাশি নার্সরা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।

তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তা আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভা শেষে কেক কেটে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল’র জন্মবার্ষিকী পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’। হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ডা. সেখ ফজলে রাব্বি। এরপর একটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জু রানী দাশের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স তপন চন্দ্র দে ও সিনিয়র স্টাফ নার্স বাপ্পী দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও অর্থোপেডিক সার্জারী বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. রওশন আরা বেগম, ডা. কে.এম আশিক আমান, ডা. রাজদ্বীপ বিশ্বাস, ডা. মৌমিতা দাশ ও নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শর্মিলা মল্লিক। বক্তব্য রাখেন দীপ্তি ভট্টাচার্য, চায়না রানী শীল, অসিত কান্তি দাশ, দীপংকর রুদ্র, আকলিমা আক্তার, বিবি হালিমা প্রমুখ। বক্তারা বলেন, চিকিৎসাসেবায় ডাক্তার ও নার্স একে অপরের পরিপূরক। স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করতে সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষ্যে সবাইকে আরো আন্তরিক হয়ে রোগীদেরকে সেবা দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে
পরবর্তী নিবন্ধবন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা