আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

চবি প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১২:৫৭ অপরাহ্ণ

ঢাকায় আয়োজিত ডিআরএমসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সিইউডিএস শ্রেষ্ঠত্ব অর্জন করে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চ্যাম্পিয়ন দলটি ট্রফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) ও সিইউডিএসের উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চ্যাম্পিয়ন দলের সদস্য বিতার্কিক আরাফাত হোসেন ও অর্ণব মিত্রসহ সংগঠনের কয়েকজন সদস্য। চবি উপাচার্য দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিতর্ক চর্চার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে এবং তাদের মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় সিইউডিএস দলের সদস্য তানজীম আহমেদ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। আয়োজিত প্রতিযোগিতাটি ছিল বাংলা বিতর্ক অঙ্গনের প্রথম AUSTRAL পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে মৌলভী নাদের আলী শাহ’র (রঃ) ওরশ ১৫ অক্টোবর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা ঘটনায় আটক ৪