আনোয়ারায় ব্যাটারি চুরিকে কেন্দ্র করে মারামারি, দিনমজুর নিহত

চমেক হাসপাতালে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আনোয়ারায় দুই পক্ষের মারামারিতে মো. ইউনুচ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত ৮টায় হাজিগাঁও কটন মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউনুচ স্থানীয় এয়াকুব আলীর পুত্র। এ ঘটনায় নিলয় (৩২) ও শওকত আলী (৫০) নামে দুইজনের বিরুদ্ধে নিহতের বাবা থানায় অভিযোগ দিয়েছেন। এর মধ্যে প্রধান অভিযুক্ত নিলয়কে পুলিশ চমেক হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে।

নিহতের খালাতো ভাই মো. পারভেজ জানান, নিহত মো. ইউনুচ একজন দিনমজুর। বাবুর্চির সহকারী হিসেবে সে বিয়ে অনুষ্ঠানে কাজ করে। গত বুধবার সন্ধ্যায় কটন মিল এলাকায় একটি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত নিলয়ের সাথে ইউনূচের কথা কাটাকাটি হয়। তারই জের ধরে স্থানীয় ডাকাত সরদার শওকত আলী ও পাবনার বাসিন্দা নিলয় রাত ৮টায় ইউনুচের ঘরে ঢুকে হাতুড়ি নিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পালানোর সময় স্থানীয়রা নিলয়কে ধরে পিটুনি দেয়। এ সময় শওকত পালিয়ে যায়। ঘটনার পর ইউনুচকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করে। তিনি আরো জানান, নিহত মো. ইউনুচের পরিবারে বাবা, মা, স্ত্রী ও দুইটি শিশু কন্যা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ব্যাপারে নিহতের পিতার অভিযোগ পেয়ে রাতেই চমেক হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধমামলা হচ্ছে আরও ৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে