নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান। নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুকও চালান তিনি। খবর বিডিনিউজের।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসেন। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যান। এরপর আবার ফোন নিতে আসেন। যাওয়ার সময় দুজন ব্যক্তিও তার পিছন পিছন যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। তখন ভয় পেয়ে আমি দোকানের ভেতরে চলে যাই।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।












