আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। তাই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ ও ভারত অনূর্ধ্ব১৯ দল। যুবাদের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তানকে ৪৫ রানে ও নেপালকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ৭ রানে হেরে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১৬৭ বল বাকি রেখে ৭ উইকেটের জয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে তারা। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট পায় ভারত। শিরোপা ধরে রাখতে ফাইনালে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম বলেন, আমরা ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই ভালো করার ব্যাপারে আশাবাদী। আমরা দেশবাসীর সমর্থন ও দোয়া চাই। বর্তমানে আমরা এখনও এশিয়া কাপের চ্যাম্পিয়ন আছি। এবং ওটা ধরে রাখার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ আছে, থাকবে। আমরা তা মোকাবেলা করার সামর্থ্যও রাখি।

ভারতকে প্রস্তুতি ম্যাচে হারানোর স্মৃতি মনে করে তিনি বলেন, হ্যাঁ আমরা তাদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। এটা আমাদের অনুপ্রেরণা দেয়, সাহস ও আত্মবিশ্বাস দেয়। আমরা ফাইনালে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সেরা ব্যাটিং পারফরমেন্স করেছেন অধিনায়ক হাকিম। ৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে ২২৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তৃতীয়স্থানে আছেন হাকিম। বোলিংয়ে বাংলাদেশের সেরা পারফরমার দুই পেসার আল ফাহাদ ও ইমন। ৪ ইনিংসে দুজনই ১০টি করে উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তবে ২০১৯ সালের আসরে ফাইনালে উঠলেও ভারতের কাছে ৫ রানে হেরে যায় বাংলাদেশ। এবার ২০১৯ সালে ফাইনালে হারের বদলা নেওয়ার পালা হাকিমইমনদের। পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়াসহ টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে একবার করে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর নির্বাচন, সাত দিনেও প্রকাশ হয়নি ফল
পরবর্তী নিবন্ধনির্বাচন হলে জনগণ যে সিদ্ধান্ত দেবে বিএনপি সেটা মেনে নেবে : তারেক