চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আছিফ–জাহাঙ্গীর পরিষদ। গতকাল শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম।
নির্বাচিতরা হলেন–ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।
সভায় চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেন, জেমিসন হাসপাতালকে চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর হাসপাতালটি একাধিকবার পরিদর্শন করেছি। এখানকার সম্ভাবনা ও সীমাবদ্ধতা দেখেছি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে।
নবনির্বাচিত ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চাই। তিনি আরও বলেন, জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।
নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সদস্যরা আমাদের প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা অত্যন্ত সম্মানের। আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।












