আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

‘খেলোয়াড়দের মাঠে এনে খেলার সুযোগ করে দেয়ার লক্ষে’ আগামীকাল ১০ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল ৮ নভেম্বর রোববার বিকেলে সিজেকেএস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী। তিনি জানান চট্টগ্রামে দীর্ঘদিন যাবত বিভিন্ন স্তরের নিয়মিত ক্রিকেট লিগ বন্ধ রয়েছে। এরফলে চট্টগ্রামের শত শত সম্ভাবনাময় তরুণ ও একাডেমি পর্যায়ের ক্রিকেটার ম্যাচ প্র্যাকটিস থেকে বঞ্চিত হচ্ছে। মাঠের সাথে ক্রিকেটারদের এই দীর্ঘ দূরত্ব চট্টগ্রামের ক্রিকেটের পাইপলাইনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। এই অচলাবস্থা ভেঙে উদীয়মান ক্রিকেটারদের আবার প্রতিযোগিতামূলক খেলায় ফিরিয়ে আনা এবং তাদের নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও ক্রিকেট একাডেমিগুলো ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের তৃণমূল ক্রিকেটের এই উৎসব আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট। টি–টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সর্বমোট ২৪টি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে। এখানে চট্টগ্রাম মহানগরীর ২১টি এবং চন্দনাইশ, সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলার ৩টি একাডেমি রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। দলগুলোকে লটারীর মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচে অংশ নেবে। এ থেকে সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ম ম্যাচ সকাল ৮:৩০টা হতে বেলা ১১:৩৫টা, ২য় ম্যাচ দুপুর ১২:৪৫টা হতে বিকাল ৩:৫০টা পর্যন্ত চলবে। অংশগ্রহনকারী প্রতিটি একাডেমির রেজিস্ট্রেশন স্কোয়াড ১৬ জনের। যার মধ্যে সর্বোচ্চ ২ জন প্রথম বিভাগ এবং অবশিষ্ট ১৪ জন দ্বিতীয়/তৃতীয় বিভাগের ক্রিকেটার। তৃণমূল ও তরুণদের সাথে প্রথম বিভাগের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে প্রতি ম্যাচের মূল একাদশে ন্যুনতম ১ জন প্রথম বিভাগ ক্রিকেট খেলোয়াড় থাকা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সরোয়ার আলম মনি, এনামুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বৈভব-মাসুদ চ্যাম্পিয়ন