আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে হাক্কানী একাদশ ও চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি। গতকাল রোববার সকালে শহীদ শাহজাহান মাঠে ৪র্থ দিনের প্রথম ম্যাচে হাক্কানী একাদশ ৮১ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় ম্যাচে চিটাগং সানরাইজ ক্রিকেট একাডেমিও ৮১ রানে পাহাড়তলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে হাক্কানী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল ৪৭ বলে সর্বোচ্চ ৯৫, ইয়াছিন ৪২ ও তামিম অপরাজিত ২০ রান করেন। জবাবে ১৭.৪ ওভারে ব্রাদার্স ক্রিকেট একাডেমি সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইশরাক সর্বোচ্চ ৩৮, আমাজ ৩৪ ও তায়েব ১৮ রান করেন। বল হাতে বিজয়ী দলের ইয়াছিন ৮ রানে ৩টি ও ইমরান বিন ইকবাল ২টি উইকেট এবং বিজিত দলের আহন ৩টি, তানভীর ও ইফতি ২টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাক্কানী একাদশের রাসেলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক অতিরিক্ত সচিব মহিবুল হক চৌধুরী। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং সানরাইজ ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করতে নেমে শেখ মাহাবুবুল করিম মিঠুর ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শেখ মাহাবুবুল করিম মিঠু ৬০ বলে সর্বোচ্চ ১৪৮ রান করেন। ১০টি চার এবং ১৬টি ছক্কা মারেন তিনি। তাছাড়া মিনহাজুল হক ১৪, মেহেদী হাসান ও মাহির শাহরিয়ার ১৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পাহাড়তলী স্পোর্টিং ক্লাব ১৬.৪ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ওমি ৪০, আজাদ ৩০, দেলোয়ার ও রাসেল ২৬ রান করেন।
বল হাতে চিটাগং সানরাইজ একাডেমির রিদোয়ান ইসলাম ২১ রানে ৪টি ও মিনহাজুল হক ২২ রানে ৪টি এবং পাহাড়তলীর পক্ষে সাজিব ১৮ রানে ৩টি, নাহিয়ান ১৫ রানে ৩টি ও নাজিম ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমির শেখ মাহাবুবুল করিম মিঠুর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ–সভাপতি নুর আহমেদ গুড্ডু। আজ সোমবার সকাল ৯টায় এম এস ক্রিকেট একাডেমি বনাম নিউ স্টার একাডেমি এবং দুপুর ১২টায় রায়হান স্পোর্টস বনাম চট্টগ্রাম–১১ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।











