ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের সময়কার প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মামলার বেশির ভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে। এর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। খবর বিডিনিউজের।
মন্ত্রণালয় বলেছে, এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি করে। এর মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে হয় জেলা কমিটি; আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে করা হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে ৩৯টি সভার মাধ্যমে এসব আবেদন পরীক্ষা–নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। মন্ত্রণালয় বলেছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের জেলা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর)।












