কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে তিনি এ জবানবন্দি দেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে। এর আগে গত ১০ এপ্রিল রাতে মইজ্জ্যারটেক এলাকায় রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী দিদারুল আলমকে পেছন থেকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই ইট দিয়ে তার মুখমণ্ডল ও মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত দিদারুল আলমের রেয়াজুদ্দিন বাজারে ‘মেসার্স বাগদাদ স্টোর’ নামে একটি দোকান রয়েছে। প্রায় ১০–১২ বছর আগে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন আবু তৈয়ব।
মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার সাব–ইন্সপেক্টর (নিরস্ত্র) জুয়েল মজুমদার বলেন, প্রধান আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।














