সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা ও জটিলতার মধ্যে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরতে পারলে সাকিবসহ সংশ্লিষ্ট ক্রিকেটারদের (মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব ধরনের ক্রিকেটীয় সহায়তা ও সুযোগ–সুবিধা উন্মুক্ত থাকবে। তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যে কোনো ধরনের সুযোগ–সুবিধায় আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটে যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করব। আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’ একই সঙ্গে শুধু একজন ক্রিকেটারকে ঘিরে আলোচনা না করার আহ্বানও জানিয়েছেন তিনি। তামিমের মতে, গত এক–দুই বছর ধরে বারবার সাকিবকে নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে, যা ঠিক নয়। সভাপতি বলেন, ‘আমরা গত এক–দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করব এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’ এদিকে বিসিবির নির্বাচন আয়োজন নিজের অবস্থান স্পষ্ট করেছেন কমিটির সভাপতি তামিম ইকবাল।
তিনি জানান, আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভায় নির্বাচনের সম্ভাব্য তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচনের আগে দায়িত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও পরিষ্কার করেন তিনি। তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। এ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করব।’
নির্বাচন প্রসঙ্গে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’ এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, অর্গানাইজার থেকে বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না। কেবল বিসিবিই একমাত্র সুবিধা পাবে’।














