অলিম্পিক বাছাইয়ে খেলবে আফগান নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

তালেবান শাসনে দেশ ছাড়তে বাধ্য হওয়া আফগানিস্তানের নারী ফুটবলারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সমপ্রতি একটি নিয়ম পরিবর্তনের মাধ্যমে নির্বাসিত এই নারী ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার পথ প্রশস্ত করেছে। এর ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার স্বপ্ন নতুন করে বুনতে শুরু করেছেন তারা। গত বুধবার ফিফা নির্বাসিত খেলোয়াড়দের নিয়ে গঠিত ‘আফগান উইমেন ইউনাইটেড’ দলকে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমোদন দেয়। এই সংবাদ শোনার পর ফুটবলারদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বর্তমানে মেলবোর্নে বসবাসরত আফগান গোলরক্ষক ফাতিমা ইউসুফি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘খবরটি শোনার পর আমরা আবেগাপ্লুত হয়ে পড়েছি। এগুলো আনন্দের অশ্রু। কারণ আমরা হৃদয়ে সব সময় আফগানিস্তানকেই প্রতিনিধিত্ব করেছি। আজ বিশ্ব আমাদের স্বীকৃতি দিয়েছে। তবে একই সাথে আফগানিস্তানে এখনো যেসব মেয়েরা এই সুযোগ থেকে বঞ্চিত, এই মুহূর্তটি তাদের জন্য উৎসর্গ করছি।’ ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের আগে আফগানিস্তানের ২৫ জন নারী ফুটবলার চুক্তিবদ্ধ ছিলেন, যাদের অধিকাংশই এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বর্তমানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ফিফার তত্ত্বাবধানে আঞ্চলিক সিলেকশন ক্যাম্পের মাধ্যমে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলছে। যদিও আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে তারা অংশ নিতে পারছেন না, তবে ২০২৮ সালের অলিম্পিক বাছাইপর্বে খেলার জন্য তারা এখন সম্পূর্ণ যোগ্য। ২০২১ সালে আফগানিস্তান ত্যাগের সময়কার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ভয়াবহ। ফাতিমা ইউসুফি জানান, মাত্র একটি ব্যাগ আর এক বোতল পানি নিয়ে তাকে কাবুল থেকে দুবাই হয়ে অস্ট্রেলিয়ায় আসতে হয়েছিল। নিরাপত্তার খাতিরে মুছে ফেলতে হয়েছিল নিজেদের সব পরিচয় ও নথিপত্র। তবে অন্ধকার সময় পেরিয়ে ফাতিমা এখন তার বাবামা ও ভাইবোনদের সাথে মেলবোর্নে থিতু হয়েছেন। পড়াশোনার পাশাপাশি খেলছেন স্থানীয় ক্লাব সাউথ মেলবোর্ন এফসিতে। নির্বাসিত জীবনে খাপ খাইয়ে নেওয়া সহজ না হলেও ফুটবলের প্রতি আবেগ বিন্দুমাত্র কমেনি এই লড়াকু মেয়েদের। ফাতিমা বলেন, ‘আফগানিস্তানে থাকাকালীন স্বপ্ন দেখতাম একদিন আমাদের দল বিশ্বকাপে খেলবে। সেই লক্ষ্য অর্জিত হলে তা হবে আফগান নারী ফুটবলের জন্য সবচেয়ে বড় সাফল্য।’

পূর্ববর্তী নিবন্ধফিফা কংগ্রেস বয়কট ইরানের
পরবর্তী নিবন্ধ‘আইনি জট কাটলে সাকিবদের স্বাগত জানাবে বিসিবি’