কানাডার অভিবাসন কর্মকর্তাদের হাতে ‘দুর্ব্যবহারের’ শিকার হয়ে ফিফা কংগ্রেস ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভায় অংশ না নিয়েই ফিরে গেছেন ইরানের ফুটবল ফেডারেশনের শীর্ষ প্রতিনিধি দল। এর ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং দেশগুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেনি এবং উপ–সাধারণ সম্পাদক হামেদ মোমেনি ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার উদ্দেশ্যে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণ করেন। বৈধ ভিসা থাকা সত্ত্বেও সেখানে ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তারা প্রথম ফিরতি ফ্লাইটেই তুরস্ক হয়ে ইরানে ফিরে যান। ইরান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের সশস্ত্র বাহিনীর একটি সম্মানজনক অঙ্গসংগঠনের (আইআরজিসি) প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালে কানাডা ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি স্পষ্ট জানিয়েছেন, আইআরজিসি সদস্যরা কানাডায় স্বাগত নন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ কিছুটা নমনীয় সুরে একে ‘অনিচ্ছাকৃত’ ভুল হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ফিফা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো খুব শীঘ্রই ইরানি প্রতিনিধিদের সঙ্গে সদর দপ্তরে একটি বিশেষ বৈঠকের আশ্বাস দিয়েছেন।












