আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর ফরেন স্টুডেন্টস, অটাম অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিসেপশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল হক। অনুষ্ঠানে অতিথিরা বিদেশি শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানান।
রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দেশি–বিদেশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন এবং নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পান, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।
এ সময় ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ও মো. এরশাদ–উল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার নেপাল ও চীন থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আইআইইউসিতে ভর্তি হয়েছেন। আগামী সেমিস্টারে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।








