অবিলম্বে বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান করতে হবে

চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় বক্তারা

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট অবিলম্বে সমাধান করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

গত বৃহস্পতিবার বাদ মাগরিব মহানগর কার্যালয়ে আয়োজিত মাসিক সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, আওয়ামী সরকারকে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছিল মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশ পরিচালনায় তাদের ব্যর্থতার কারণে। আমরা দেখেছি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও বিভিন্ন রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্রের মধ্যে দায়িত্ব পালন করলেও গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক ছিল। কিন্তু যারা বলেছিল নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে ছয় মাস অতিক্রম করলেও সমস্যা সমাধান তো হয়নি বরং সংকট বেড়েছে কয়েকগুণ।

তিনি আরও বলেন, জ্বালানি খাতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। চট্টগ্রাম মহানগরসহ সারাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত। গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারছে না, বিদ্যুতের অভাবে স্বাভাবিক নাগরিক জীবন ব্যাহত হচ্ছে এবং সিএনজি অটোরিকশা শ্রমিকরা রাতের পর রাত অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। তাই অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান করতে হবে। সভায় মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর সহ–সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ , কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের সেরা ৭ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নির্বাচিত
পরবর্তী নিবন্ধসরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে : এরশাদ উল্লাহ এমপি