তোমারই দৃষ্টিতে আমি হারিয়েছি বহু সভ্যতার ইতিহাস,
নিজের বেহায়াপনায় অঙ্কুশ এঁটেছি,
নিজেকে বুঝিয়েছি– এ তো শুধু চোখ, শুধু আলো, শুধু প্রতিচ্ছবি।
তোমার কণ্ঠ যখন অনুরণন তোলে ইথারে ইথারে,
মনে হয়, পৃথিবীর সমস্ত যুদ্ধবিরতি এক মুহূর্তে স্বাক্ষরিত হলো!
তোমার ভুরু কুঁচকে উঠে–আর আমি দেখি
ভিয়েনার কোন সম্মেলনে ক্রন্দসী মানবতার অসমাপ্ত বিতর্ক।
তোমার দৃপ্ত পদচারণা নীরবতা ভেঙে এগিয়ে গেলে
মনে হয়, ইতিহাস তার পুরনো ক্ষত নিয়ে আবারও হেটে যাচ্ছে।
তোমার কাব্য প্রেম আমাকে শিখিয়েছে– মানুষ আসলে
ভাতের চেয়েও বেশি কিছুতে বেঁচে থাকে।
তবলায় সঞ্চরণরত তোমার আঙ্গুলগুলো
সময়ের বুকে বৌদ্ধিক বজ্রপাতের মত নেমে আসে নিরবধি।
আমি বহুবার নিজেকে নির্বাসনে পাঠিয়ে বলেছি–
এ কেবল আকর্ষণ, কেবল শিল্প, কেবল ক্ষণিক বিভ্রম।
তবু প্রতিবার তোমার সামান্য নীরবতা
আমার ভেতরে জনমানবহীন নতুন মহাদেশের জন্ম দেয়।






