ঝগড়া হয়নি কোনো, হয়নি কোনো চিৎকার,
তবু নিভৃতে বন্ধ হলো সম্পর্কের শেষ দ্বার।
তুমি আগের মতোই মেতে আছ সবার কোলাহলে,
আমি হারিয়েছি একাকীত্বের আটপৌরে করতলে–
মাঝখানে জমে রইল কিছু অনুচ্চারিত কথা।
নালিশ ছিল না কোনো, জমেনি অভিযোগের পাহাড়,
শুধু রোজ রাতে বালিশ ভিজেছে নিভৃত অশ্রুধারায়।
একদিন যার সাথে কাটত প্রহর চেনা আলাপে,
আজ তাকেই বার্তা পাঠাতে হাত কাঁপে সংশয়ে।
কে দূরে সরল, কে বাড়াল এই অলঙ্ঘ্য দূরত্ব?
আজ সেই হিসেব মেলাবার নেই কোনো গুরুত্ব।
মনের ওপর তো জোর চলে না!
তুমি ভালো থেকো তোমার ওই মৌনতার চাদরে,
আমিও নিজেকে ফিরিয়ে নিলাম,
আমার আদিম একলা আটপৌরে ঘরে।







