সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত অনিবন্ধিত নৌ–যান নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। বর্তমানে দেশে নিবন্ধিত নৌ–যানের মধ্যে বাণিজ্যিক ট্রলার ২৩১টি ও যান্ত্রিক নৌ–যান রয়েছে ২৮ হাজার ৫০০টি। আরও প্রায় অনিবন্ধিত ৬৫ হাজার নৌ–যান নিবন্ধন করা যাবে বলে জানা গেছে। এসব নৌ–যান ১৪টি উপকূলীয় জেলা এবং ৬৭টি উপজেলার নদী ও সাগরে চলাচল করে। এই বাইরে রয়েছে আর্টিশনাল নৌ–যান, যেগুলোর নিবন্ধন নেই।
সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জিল্লুর রহমান জানান, সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে আর্টিশনাল নৌ–যানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। পরে প্রতি বছর তা নবায়ন করতে হবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সাগরে অবৈধ কোনও নৌ–যান মাছ ধরতে যেতে পারবে না।











