৪০০ কোটি টাকার মালিক পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন রিমান্ডে

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ৪০০ কোটি টাকার মালিক হওয়ার খবরে আলোচনায় আসা পিয়ন জাহাঙ্গীরের ভাগনে মো. মাসুদুর রহমান শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপনের রিমান্ড আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর, যিনি ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই জাহাঙ্গীরের ভাগনে এ শিপন। ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তার ভূমিকা রয়েছে। এই মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। খবর বিডিনিউজের।

গত ১২ নভেম্বর তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয়। পর দিন তুরাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মো. মাহমুদুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছিলেন বুধবার। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২১ অক্টোবর উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমবেত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করেন। এসময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে আরও বলা হয়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় পুলিশ তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

পূর্ববর্তী নিবন্ধরহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালের আসামিকে আশ্রয় দিলে রক্ষাকারীরও বিচার হতে পারে : প্রধান কৌঁসুলি