নগরীর পাহাড়তলীর টোল রোড এলাকায় গাড়িচালকের লাশ উদ্ধারের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের মো. নুরুল আমিন, কুমিল্লা জেলার দেবিদ্বারের মো. শাহজাহান এবং ফেনী জেলার ফেনী সদরের মো. নুরুল আলম টুটুল। তাদের মধ্যে টুটুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বাকী দু’জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর দৈনিক আজাদীকে বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালতসূত্র জানায়, ২০২১ সালের ২৭ অক্টোবর নগরীর পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকার কৃষি জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তার নাম মো. সজিব। নোয়াখালীর চাটখিলের বাসিন্দা তিনি। পেশায় ছিলেন গাড়িচালক।
আদালতসূত্র আরো জানায়, সজিবের লাশ উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। ওই মামলায় তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১১ অক্টোবর চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।











