৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ মেয়রের

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

চসিকের পরিচ্ছন্ন বিভাগে কর্মরত প্রায় ৩৩০০ পরিচ্ছন্ন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা.শাহাদাত হোসেন।

গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে শ্রমিকদের হাতে রেইনকোট হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ক্লিন সিটি গড়তে পরিচ্ছন্ন কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদের নিরলস পরিশ্রমের ওপরই নগরবাসীর স্বাস্থ্য, পরিবেশ ও জীবনমান অনেকাংশে নির্ভর করে।

বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণেও যাতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই প্রতিটি পরিচ্ছন্ন কর্মীকে রেইনকোট প্রদান করা হচ্ছে। তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো চসিকের প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে ২ ঈদেই জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকারি অর্থায়নে আবাসন নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশটাকে যেভাবে পরিচ্ছন্নসুন্দর একটি দেশ হিসেবে গড়তে চান সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করার জন্য তিনি পরিচ্ছন্ন শ্রমিকদের প্রতি আহবান জানান।

ময়লা পরিবহনের সময় ট্রাকে আবর্জনা অবশ্যই ঢেকে নেওয়ার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, খোলা ট্রাকে ময়লা পরিবহন করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সড়কে বর্জ্য পড়ে পরিবেশ দূষণের সৃষ্টি হয়। তাই প্রতিটি গাড়িতে নির্ধারিত নিয়ম মেনে ময়লা ঢেকে পরিবহন নিশ্চিত করতে হবে।দায়িত্ব পালনে গাফিলতি করলে কিংবা কাজে ফাঁকি দিলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, মারুফুল হক চৌধুরী মারুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবের চেতনা দলীয়করণ নয়, জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে
পরবর্তী নিবন্ধসরকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে