২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই বই বিতরণ

নতুন পাঠ্যবই, সরকারের ব্যতিক্রমী উদ্যোগ । ৯৫ শতাংশ বই পৌঁছে গেছে বিভিন্ন উপজেলায় । মাধ্যমিকের বই ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে

হাসান আকবর | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত ১ জানুয়ারির পরিবর্তে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষাবর্ষের নতুন বই বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের অপেক্ষা না করেই হাতে পাবে নতুন পাঠ্যবই। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বইও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ শতাংশ বই চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৌঁছে গেছে।

সূত্রে জানা যায়, নগরীর পাশাপাশি চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলা এবং বিভিন্ন শিক্ষা থানার বিপুলসংখ্যক শিক্ষার্থীর হাতে একই সময়ে বই পৌঁছে দিতে শিক্ষা প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে নগরীর ছয়টি শিক্ষা থানা, মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, সন্দ্বীপসহ প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে যথাসময়ে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শিক্ষা প্রশাসন অগ্রসর হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন থানায় ইতোমধ্যে বই পৌঁছে গেছে। কিছু বই বাকি থাকলেও সব বই আগামী মাসের প্রথম দিকে পৌঁছে যাবে।

জানা যায়, চট্টগ্রামে নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৮টি, মাধ্যমিক বিদ্যালয় ৫৬৬টি এবং স্কুল অ্যান্ড কলেজ ৬৩টি। এছাড়া দাখিল মাদ্রাসা ১২৭টি, আলিম ৩৬টি, ফাজিল ৬৪টি ও কামিল মাদ্রাসা ১৯টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬ লাখ ৮৭ হাজার। চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা প্রায় ২ কোটি ৪৮ লাখ কপি এবং প্রাথমিক পর্যায়ে ৪৫ লাখের কাছাকাছি। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বই ছাপা ও সরবরাহের কাজ চলছে উল্লেখ করে সূত্র বলেছে, ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক্‌–প্রাথমিক থেকে মাধ্যমিক ও সমমানের বিভিন্ন স্তরে প্রায় ৩০ কোটি ৯২ লাখ বই ছাপানো হচ্ছে। ইতোমধ্যে বেশির ভাগ বই ছাপা হয়ে গেছে। এবার চতুর্থ শ্রেণিতে নতুন বিষয় হিসেবে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’। ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও বইয়ের তালিকায়ও কিছু পরিবর্তন আসছে। এই বিপুল পরিমাণ বই ছাপাতে সরকারকে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।

বই ছাপানো, সরবরাহ এবং শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে কঠোর মনিটরিং করা হচ্ছে। ছাপাখানা থেকে বই সরবরাহ, জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষণ এবং বিদ্যালয়ভিত্তিক বণ্টন কার্যক্রমে সমন্বয় করা হচ্ছে।

বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি, উপকূলীয় ও দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে বই পৌঁছানোর ক্ষেত্রে পরিবহন ও বিতরণে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ আজাদীকে বলেন, ইতোমধ্যে ৯৫ শতাংশ বই বিভিন্ন উপজেলায় পৌঁছে গেছে। চট্টগ্রাম মহানগরীর ৬টি এবং উপজেলা পর্যায়ের ১৫টি মিলে মোট ২১টি শিক্ষা থানার সব শিক্ষার্থীই আগামী ২৪ ডিসেম্বর নতুন বই হাতে পাবে।

একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ওইদিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা প্রশাসন। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে বই হাতে পেলে শিক্ষার্থীরা ছুটির সময় থেকে নতুন শ্রেণির পড়াশোনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআগাম প্রতিরোধই দেবে ডায়াবেটিসের সুরক্ষা
পরবর্তী নিবন্ধ২৭ দিন পর সিইউএফএলে আবার উৎপাদন শুরু