২১ দিন পর আজ উৎপাদনে যাচ্ছে ডিএপি সার কারখানা

এম নুরুল ইসলাম, আনোয়ারা | শনিবার , ৯ মে, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

অ্যামোনিয়া সংকটের কারণে ২১ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে উৎপাদনে যাচ্ছে আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। বিষয়টি নিশ্চিত করেছেন সার কারখানার মহা ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল।

ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অ্যামোনিয়া সংকট পড়ে দেশের একমাত্র রাষ্ট্রয়াত্ত ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। সিইউএফএল ও কাফকো সারকারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে এ কারখানা পরিচালনা করা হয়। গ্যাস সংকটের কারণে কারখানা দুইটির উৎপাদন ইতোমধ্যে বন্ধ হয়ে গেলে ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এ সার কারখানাটিও বন্ধ হয়ে যায়।

দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ডিএপি সার কারখানার দুটি ইউনিট (ডিএপি১ ও ডিএপি) দেশের কৃষি উৎপাদনে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন শুরু করে।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল জানান, টানা ২১ দিন অ্যামোনিয়া সংকটের কারণে কারখানা বন্ধ হয়ে যায়। অবশেষে সংকট কাটিয়ে আজ শনিবার থেকে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কোনো ধরনের যান্ত্রিক সমস্যা দেখে না দিলে ইনশাল্লাহ আজ থেকে উৎপাদন শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাঁতরে ওপারে যাচ্ছিল ফুটবল খেলতে, চোরাবালিতে তলিয়ে মৃত্যু