হৃদয়ের চোট কতটা গুরুতর

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে দারুণ ব্যাটিং করছিলেন তাওহীদ হৃদয়। তবে ৪২ রানে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাকে। যদিও বাংলাদেশের এই ব্যাটারের চোট নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন না ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার আশা, বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে পুরোপুরি ব্যাটিং করতে পারবেন হৃদয়। বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন হৃদয়। মুশফিকুর রহিমের চোটে একাদশে সুযোগ পাওয়া এই ব্যাটার সাদমান ইসলামের সঙ্গে গড়েছিলেন ৬৭ রানের জুটি। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে পৌঁছানোর পরই পেশিতে টান অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন হৃদয়। হৃদয়ের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী সালাউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হৃদয়ের ক্র্যাম্প করছিল। আমার মনে হয়, আধা ঘণ্টা বা এক ঘণ্টার মতো সময় পেলে ও সেরে উঠবে। আমার ধারণা, কালকে সে পুরোপুরি আবার ব্যাটিং করতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ব্যাডমিন্টনের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন