হুমায়ূন আহমেদ স্মরণসন্ধ্যা

আশীষ নন্দী | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৭ টায় স্কেচ গ্যালারি নন্দন মেহেদীবাগস্থ মহড়া কক্ষে জনপ্রিয় কথাকোবিদ হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বও ১৯৪৮১৯ জুলাই ২০১২) এর ১৫ তম প্রয়াণ দিবস স্মরণে ‘হুমায়ূন আহমেদ ও সাজঘর’ শীর্ষক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাজমা আলী নীপা ও ধীমান দাশের সঞ্চালনায়এতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্যিক সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যজন সনজিব বড়ুয়া। তাঁর চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন নাট্যজন আশীষ নন্দী। সাজঘর নাটকের নির্মাণ ও মঞ্চায়ন প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করেন দর্শক পুষ্পন চৌধুরী ও হাসনা হেনা।

সনজিব বড়ুয়া বলেন, হুমায়ূন আহমেদের সাহিত্যের যে ভাষা তা এতো প্রাঞ্জল যে তা পাঠককে মোহগ্রস্ত করে। সাজঘর নাটকটি মঞ্চ ও মঞ্চের বাইরে শিল্পীর যে বাস্তবতা তা সুন্দরভাবে তুলে ধরেছে। আশীষ নন্দী বলেন সাহিত্যের মতো চলচ্চিত্রেও হুমায়ূন আহমেদ তার মেধার বিচ্ছুরণ ঘটিয়েছেন। তার জীবদ্দশায় তিনি যে কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তার সবকটিই দর্শকের মানসে অভিঘাত তৈরি করেছে। নাজমা আলী নীপা হুমায়ূন আহমেদের লেখা কবিতা পাঠ করেন। পুষ্পন চৌধুরী বলেন সাজঘর উপন্যাসটি হুমায়ূন আহমেদের একটি অনবদ্য সৃষ্টি। তার নাট্যায়নও চমৎকার হয়েছে। পাণ্ডুলিপি, অভিনয়, নির্মাণ সবমিলিয়ে নাটকটি দর্শকের জন্য উপভোগ্য একটি প্রযোজনা। হাসনা হেনা বলেন চট্টগ্রামে অনেক মানসম্পন্ন নাটক মঞ্চায়িত হচ্ছে কিন্তু তার খবর দর্শকের কাছে সঠিকভাবে পৌঁছায় না। এরজন্য প্রচারণা আরো জোরদার করা উচিত। নির্মাতা শাহরিয়ার হান্নান সাজঘর নাটকের অংশবিশেষ পাঠ করেন ও বলেন এনাটকটি তার কন্যাসম। দীর্ঘদিন আগে নাটকটির পাণ্ডুলিপি লেখা হলেও সামর্থ্যের অভাবে তা মঞ্চের আলো দেখেনি। অগত্যা নিজ উদ্যোগে নাটকটি নির্মাণে হাত দেন। দর্শক নাটকটি দেখলে তাদের প্রচেষ্টা সার্থক হবে।

বিশ্বজিৎ চৌধুরী তার বক্তব্যে বলেনহুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। অনেকে জনপ্রিয় বলে তাঁর লেখার সাহিত্য মানকে খাটো করেন। কিন্তু মৃত্যুর এতোদিন পরেও তার বইগুলোর বিক্রির পরিমাণ দেখলেই বোঝা যায় তিনি কতটা প্রাসঙ্গিক। একসময় বাংলাদেশের প্রকাশনা শিল্প একরকম হুমায়ূন আহমেদ কেন্দ্রিক হয়ে পড়েছিল। তার সব লেখাই গুরুত্বপূর্ণ না হলেও গুণগত মানের কারণেই বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন। হুমায়ূন আহমেদের গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য ২০২৫এর মে মাসে স্কেচ গ্যালারি নন্দন তাদের দ্বিতীয় প্রযোজনা হিসাবে মঞ্চে আনে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাটক ‘সাজঘর’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। ইতোমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় নাটকটির ১২টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএআই কি বাংলাদেশের চাকরির বাজার বদলে দিচ্ছে?
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতদের পুনর্বাসনে আল আমিন ইসলামী পরিষদ কাতারের অনুদান