হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ ক্লিনিকের দৌরাত্ম্য বন্ধ করা হোক

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সরকারি হাসপাতাল মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল। কিন্তু দুঃখজনকভাবে অনেক হাসপাতালের আশপাশে দালালচক্র ও অবৈধ ক্লিনিকের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেক সময় অতিরিক্ত অর্থ আদায় ও অপ্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হয়।

বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা সহজেই এসব প্রতারণার শিকার হন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পেতেও বিলম্বের সম্মুখীন হন।

হাসপাতাল মানুষের শেষ আশ্রয়স্থল। সেখানে দালালচক্রের অপতৎপরতা ও অবৈধ ক্লিনিকের ব্যবসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই হাসপাতাল এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা, দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ক্লিনিকের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ ক্লিনিকের দৌরাত্ম্য বন্ধ করে নিরাপদ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

সৈয়দ শাহজাহান সিরাজ

বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনীরদ সি চৌধুরী : মননশীল লেখক ও চিন্তাবিদ
পরবর্তী নিবন্ধমায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ভাবনা মাতৃত্বের অটুট বন্ধন