প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ মিটার অবৈধ জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল সোমবার নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত এই অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, হালদা নদীর রামদাস মুনশীরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় নদীর বিভিন্ন স্থান থেকে ৭ টি অবৈধ চরঘেরা জাল ও ২টি ভাসা জাল ও ৩টি বরশী জব্দ করা হয়। অবৈধ জালগুলোর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩শ মিটার। যার আনুমানিক বাজার মূল্য ২৮ হাজার টাকা। জব্দকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়েছে। মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্মক জাল থেকে মিঠা পানির প্রজনন ক্ষেত্র রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এস আই হাবিবুর রহমান ও এ এস আই রমজান আলী ও সংগীয় ফোর্স ও হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার,আদিল এবং আলমগীর সহযোগিতা করেন।












