হাটহাজারীতে কিশোরীর লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আসমা আক্তার সাফি প্রকাশ শিফা (২০) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা উপজেলার মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সামাদ আলী তালুকদার বাড়ির নাঈম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী সরকারি কলেজ থেকে গত বছর ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করা আসমার পরিবার তার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ নিয়ে আরো ৭ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাধনপুরে বন্যার পানিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ