হাটহাজারীতে কালীমন্দিরের দানবাক্স ও স্বর্ণালংকার চুরি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারের শ্মশানেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে মন্দিরের চারটি দানবাঙের তালা ভেঙে ভক্তদের দান করা টাকা ও কালীপ্রতিমার গলায় থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুর্গাপদ নাথ গতকাল মঙ্গলবার হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, প্রতিদিন সকাল ৮টায় পূজার জন্য মন্দির খোলা হয়। রাত ১০টার দিকে পূজার কার্যক্রম শেষে মন্দির বন্ধ করে দেওয়া হয়। গত সোমবারও নিয়ম অনুযায়ী রাত ১০টার দিকে মন্দিরের সব দরজা–জানালা বন্ধ করে পুরোহিত চলে যান। পরদিন মঙ্গলবার মন্দিরের তত্ত্বাবধায়ক রতন এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়টি পর্যবেক্ষণ করেন।

মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, চোরেরা প্রথমে মন্দিরের সীমানাপ্রাচীরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কালীমন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে চারটি দানবাঙের তালা ভেঙে টাকা এবং প্রতিমার গলায় থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। কমিটির নেতাদের ধারণা, কালীপূজা উপলক্ষে দানবাঙে বিপুল পরিমাণ টাকা জমা হওয়ার বিষয়টি জেনেই সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে এ চুরি করেছে।

এদিকে হাটহাজারীতে একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ২৬ অক্টোবর উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মির্জাপুর গৌতমাশ্রম বিহারেও চুরির ঘটনা ঘটে। ওই দিন বিহারের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে চোরেরা আটাশ বুদ্ধের কক্ষের তালা ভাঙে। পরে সিংহশয্যায় শায়িত গৌতম বুদ্ধের প্রতিমা রাখা কক্ষে থাকা তিনটি দানবাঙের তালা ভেঙে সেগুলোর টাকা নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এছাড়া গত শুক্রবার দিবাগত রাতে ছিপাতলী ইউনিয়নের কাজীরখীল শেয়ান বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ লোকমান এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৩ অক্টোবর দিবাগত রাতে গুমানমর্দ্দন নালান্দা বৌদ্ধবিহারসংলগ্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়। এর এক সপ্তাহ পর একই ইউনিয়নের বালুখালী মির্জি বাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে আরও একটি ট্রান্সফরমার চুরি হয়।

এছাড়া এর ১৯ থেকে ২০ দিন আগে চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকা থেকে একসঙ্গে দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ট্রান্সফরমার চুরির ঘটনাগুলো পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গেছে। একের পর এক মন্দির, বৌদ্ধবিহার ও বিদ্যুতের ট্রান্সফরমারে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণের মৃত্যু