হাজী ক্যাম্প একাদশ ও আলোসিঁড়ির জয়লাভ

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয় পেয়েছে হাজী ক্যাম্প একাদশ ও আলোসিঁড়ি ক্লাব। গতকাল বুধবার পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাজী ক্যাম্প একাদশ সজীবের শতক (৪২ বলে ১০৫ রান) ও আফ্রিদির বোলিং নৈপুণ্যে (২৭ রানে ৫ উইকেট) ১৪২ রানের বিশাল ব্যবধানে ইস্পাহানি রয়েল ব্রাদার্সকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নেমে হাজী ক্যাম্প একাদশ ১৯.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজীব ৪২ বলে সর্বোচ্চ ১০৫, সাব্বির ৩৬ ও আফ্রিদি ৩০ রান করেন। বল হাতে ইস্পাহানির সাব্বির ৪টি, সাজ্জাদ ৩টি ও রিক ২টি উইকেট লাভ করেন। জবাবে ইস্পাহানি রয়েল ব্রাদার্স ১৪.১ ওভারে ১১০ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রিক সর্বোচ্চ ৪৩, সাজ্জাদ ১৮ ও নাবিল ১৮ রান করেন। বোলিংয়ে হাজী ক্যাম্প একাদশের আফ্রিদি দারুণ নৈপুন্য দেখিয়ে ২৭ রানে ৫ উইকেট তুলে নেন। রবিউল পান ২টি উইকেট।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ হাজী ক্যাম্প একাদশের আফ্রিদির হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও মহানগর ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান। দিনের দ্বিতীয় খেলায় আলোসিঁড়ি ক্লাব ৬ উইকেটে নিও ক্রিকেট একাডেমিকে পরাজিত করে টানা জয় পায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিও ক্রিকেট একাডেমি ১৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবুল হাসেম রাজা, বেলাল হাসেম রাজা ও তানভীর তিনজন ২৩ রান করে ও তারিফ বিন আলম ১৮ রান করেন। বল হাতে আলোসিঁড়ি ক্লাবের সায়েম ৪টি, ইমতিয়াজ ৩টি ও মন্‌জু ২ উইকেট লাভ করেন। জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় আলোসিঁড়ি ক্লাব। দলের পক্ষে সাব্বির নিজাম ও তাজির সর্বোচ্চ ৩২ রান করে সংগ্রহ করেন।

এছাড়া জয় অপরাজিত ২৮, রাফি অপরাজিত ২৬ ও হাবিব খান ২৫ রান করেন। বল হাতে নিও ক্রিকেট একাডেমির সাফায়েত, মেহেদী, বেলাল ও এয়াছিন ১ টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলোসিঁড়ি ক্লাবের সায়েমের হাতে পুরস্কার তুলে দেন সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ও পোর্ট সিটির জয়লাভ
পরবর্তী নিবন্ধআইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ