সড়কের মাঝখানে হঠাৎ জ্বলে উঠল আগুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৪:৪৫ পূর্বাহ্ণ

সড়কের মাঝে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও আশেপাশের বাসিন্দাদের মাঝে। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে জানা গেল, সড়কের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত। গতকাল রোববার দুপুর ১টার দিকে নগরীর ফয়’স লেকে প্রবেশমুখে নগরের জাকির হোসেন রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আজাদীকে জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটে ৯৯৯ থেকে ফোন পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে নালার ভেতর গ্যাস সরবরাহ লাইনের পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে বেরুতে থাকে আগুনের শিখা। তা দেখে আতংকিত হয়ে পড়ে লোকজন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী সাংবাদিকদের বলেন, পাইপ পুরোপুরি ফেটে যায়নি। লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। সেখান থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলেছে। বড় কোনো সমস্যা হয়নি। কীভাবে পাইপলাইন ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবাইক-মাইক্রো সংঘর্ষ, দুই বন্ধুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপুলিশের দোষ পেয়েছে তদন্ত কমিটি