আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণ, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে একক প্রার্থী নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
সভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দ্রুত নিজ নিজ এলাকার সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তৃণমূলের মতামত, প্রার্থীদের গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা এবং সাংগঠনিক অবদান বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করা হবে। উপজেলা পর্যায়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নেতারা দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ পর্যায়ে জেলা বিএনপি প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রের কাছে পাঠাবে। সভায় বলা হয়, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গেও প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা ও পরামর্শ করা হবে। কোনো কোনো এলাকায় একাধিক প্রার্থী থাকলে কিংবা মতপার্থক্য দেখা দিলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের ভেতরের মতপার্থক্যকে নির্বাচনী বিভাজনে রূপ না দিয়ে সাংগঠনিক ঐক্যের মাধ্যমে তা নিরসনের ওপর জোর দেন নেতারা। বক্তারা বলেন, দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান হচ্ছে– দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে যারা দলের সঙ্গে থেকেছেন, তৃণমূলের সেই নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ দিতে হবে।
তারা আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; এর সঙ্গে দলের তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়টিও জড়িত। তাই কোনো এলাকায় একাধিক প্রার্থী থাকলে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজন তৈরি না করে আলোচনার মাধ্যমে একজনকে সমর্থন দিয়ে সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম দ্রুততর করা হবে। সংশ্লিষ্ট ইউনিটগুলো সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে জেলা পর্যায়ে জমা দেবে। পরে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দলীয়ভাবে একজন করে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজী মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক প্রমুখ।










