সোনার দাম আরও বেড়েছে। একদিনের ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আর তাতে ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায় দাঁড়িয়েছে। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সারাদেশে নতুন এই দরে বিক্রি হচ্ছে। খবর বিডিনিউজের।
শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল; ভরি উঠেছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায়। বৃহস্পতিবার একই পরিমাণ বাড়ানো হয়; ভরি উঠেছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। এ নিয়ে তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বাড়ল।
বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস; ভরি নেমেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়। তার আগে দুই দিনে দুই দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল। এর মধ্যে সোমবার বেড়েছিল ৩ হাজার ১৪৯ টাকা; মঙ্গলবার বাড়ে ১ হাজার ৫৭৫ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ওই পতনে এক বছর পর গত ২২ নভেম্বর ২২ ক্যারেট মানের সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়। এর পর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এর পর নিম্মমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে ১ লাথ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে। একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে। এর পর থেকে ২ লাখ টাকার উপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়ানো–কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।










