সেই আলোচিত মহিষটিকে রাখার স্থানে ‘ডনাল্ড ট্রাম্প’ নামফলক টাঙিয়ে চাকরি হারাতে বসেছেন জাতীয় চিড়িয়াখানার একজন কর্মকর্তা। শনিবার চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আতিকুর রহমানে বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তবে অসদাচরণের অভিয়োগ কী কারণে আনা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এ নিয়ে সরকারি কোনো ভাষ্যও পাওয়া যায়নি।
তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘ফেইসবুকের ভাইরাল দিয়ে তো আর সরকারি কাজ হবে না। একটা দেশের রাষ্ট্রপতির নামে সরকারিভাবে মহিষের নামফলক প্রদর্শন করাটা গ্রহণযোগ্য মনে হয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তাও নামের বানান নাকি ভুল ছিল।’ খবর বিডিনিউজের।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।’ দশ মাস ধরে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালিত–পালিত হয়েছে রাজশাহী সিটি হাট থেকে কেনা বিরল অ্যালবিনো প্রজাতির এ মহিষটি। চুলের ধরণ ও মুখের অবয়ব মিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দেখতে হওয়ায় মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডনাল্ড ট্রাম্প’। ‘ডনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য সোমবার ঢাকার কেরাণীগঞ্জে ক্রেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গোলাপি আভার শরীরে নীল মখমলের আলখাল্লা জড়িয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে এবং লাল গালিচা হাঁটিয়ে বিদায় দেওয়া হয় মহিষটিকে।
প্রাণীটির ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ার পরে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে তার আগেই কোরবানির জন্য প্রস্তুত করা এ পশুটি বুকিং দিয়ে রেখেছিলেন ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা এলাকার এক বাসিন্দা।
ঈদ ঘনিয়ে আসায় সোমবার তিনি দাম পরিশোধ করে পশুটি নিয়ে যান বলে জানান রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। তিনি বলেন, প্রতি কেজি ৫৫০ টাকা ধরে লাইভ ওয়েট পদ্ধতিতে ৭০০ কেজি ওজনের মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচনা তৈরি করা মহিষটি বুধবার রাতে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। সে দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যমুনা টেলিভিশনকে বলেছেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন–পালন করা হবে। তবে রাতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, ‘ডনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। মহিষটিকে সেখানে নেওয়া হচ্ছে।
ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রাণিটি। এমনকি চিড়িয়াখানার বাঘ–সিংহের আকর্ষণকেও হার মানায় ‘এল–০৭’ নম্বর ব্লকে রাখা মহিষটি।












