সীতাকুণ্ডে চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, কারখানার ভেতরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। গতকাল শনিবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমুন বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. লোকমানের ছেলে।
চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের নিরাপত্তা কর্মকর্তা মো. আপেল উদ্দিন বলেন, কারখানার বাইরের দেয়ালটি তুলনামূলক নিচু। যুবকটি কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, কারখানার ভেতরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুনের মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।










