‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এ উপলক্ষে মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আলোচনা সভা, পোস্টার প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক এবং জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক।
অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তৈরি ৩৭টি পোস্টার প্রদর্শন করা হয়। অনুষদের ৫টি ব্যাচ থেকে শিক্ষার্থীরা পোস্টার প্রদর্শন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং নির্ধারিত থিমের ওপর পোস্টার প্রদর্শন করে প্রতিটি ব্যাচ থেকে একজন করে চ্যাম্পিয়ন ও একজন করে রানার–আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে পাঁচটি ব্যাচ থেকে চ্যাম্পিয়ন ও রানার–আপ হওয়া ১০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই দিয়ে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










