অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে জিতেই চলেছে বাংলাদেশ। এবার শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছেন বায়েজিদ–রাতুলরা। আজারবাইজানের বাকুতে গতকাল বুধবার নির্ধারিত সময়ের খেলা ১–১ সমতায় শেষের পর, টাইব্রেকারে ৪–৩ গোলে জিতে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে, শেষ বত্রিশের লড়াইয়েও পেনাল্টি শুট আউটে জিতে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১–১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪–২ গোলে জয় পায় তারা। সিশেলস ম্যাচের মতো সিঙ্গাপুরের বিপক্ষেও দলের একমাত্র গোলটি করেন রাতুল। সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে তৃতীয় জয় পেল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর, পর্তুগালের বিপক্ষে ৩–১ ব্যবধানে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১–১ ড্র করে তারা। এরপর, বুরুন্ডির বিপক্ষে ২–০ গোলে হারের পর, ফিজির বিপক্ষে ৩–১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৫ পর্যায়ে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করেছে। ১৮৯ দেশ ৩২ গ্রুপে খেলছে। বাংলাদেশের ‘সি’ গ্রুপে ছয় দল ছিল। ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। বাংলাদেশ এখন অন্য ৩২ গ্রুপে পঞ্চম স্থানে থাকা দলগুলোর সঙ্গে খেলছে। সিলেশস ও সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ এখন কোয়ার্টারে উঠেছে। গ্রুপের অবস্থান অনুযায়ী সমঅবস্থানে থাকা ৩২ দলের মধ্যে নক আউট ভিত্তিক খেলা হচ্ছে। এভাবে ৬ চ্যাম্পিয়ন দল বের করবে ফিফা।












