সিএস স্পোর্টস ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শুভসূচনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলায় চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ও সিএস স্পোর্টস একাডেমির শুভসূচনা হয়েছে। শহীদ শাহজাহান মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ১৯৭ রানের বিশাল ব্যবধানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে এবং দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সি এস স্পোর্টস একাডেমি ৮৮ রানে চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। সকালে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে মো. জনির অপরাজিত ৮৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৭২ রানের ইনিংস গড়ে তোলে। যা এবারের টুর্নামেন্টে এ পর্যন্ত দলীয় সর্বোচ্চ রানের স্কোর। অন্যদের মধ্যে মো. তারিফ ৫৪, হালিম অপরাজিত ৩৬ রান করেন। বল হাতে ব্রাদার্স ক্রিকেট একাডেমির আহন ৩টি, হাসান ২টি উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে সব উইকেট হারিয়ে ৭৫ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি। দলের পক্ষে হাসান সর্বোচ্চ ১৭ এবং আহন ও তৈয়ব উভয়ে ১৬ রান করেন। বল হাতে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির হালিম ও জয় ৩টি করে এবং মুজিবুর, ইমতিয়াজ,আসিফ ও হৃদয় প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম ক্রিকেট একাডেমির জয়ের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে মঈনের শতকের (৪৪ বলে ১১৭ রান) সুবাদে সিএস স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মঈন সর্বোচ্চ ১১৭, মামুন ৩৩ ও মহিউদ্দিন ১৯ রান সংগ্রহ করেন। বল হাতে সানরাইজ ক্রিকেট একাডেমির মহিউদ্দিন ৩টি, রিদওয়ান ২টি উইকেট লাভ করেন। জবাবে ১৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম সানরাইজ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নিলাচল সর্বোচ্চ ৭৪, মাহাবুল করিম ২১ রান করেন। বল হাতে সিএস স্পোর্টস একাডেমির রাইয়ান ও কাজী বারি প্রত্যেকে ৩টি করে উইকেট নেন এবং মিফতাহুল ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সিএস ক্রিকেট একাডেমির মঈনের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন। আজ শুক্রবার সকাল ৯টায় মরহুম ইসহাক কাদের চৌধুরী একাদশ বনাম নিউ স্টার ক্রিকেট একাডেমি, দুপুর ১টায় দুর্বার সংসদ বনাম রায়হান স্পোর্টস পরস্পরের মোকাবিলা করবে।

পূর্ববর্তী নিবন্ধচমকস বিচ ভলিবল দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে আইআইইউসি ও সাউদার্ন ইউনিভার্সিটি