সামাজিক সৃষ্ট বৈষম্য ও অনাচারেই নারীর ন্যায্যতা পিছিয়ে রয়েছে

জেএসইউএসের ত্রৈমাসিক সভায় বক্তারা

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) বাস্তবায়নরত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফাণ্ড পারায়ন প্রকল্পের উদ্যোগে সংস্থার কোরবানীগঞ্জ বলুয়ারদীঘির পূর্ব পাড়স্থ আরডিটিসি কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে ত্রৈমাসিক ধারণা প্রদান, তথ্য উপস্থাপন ও মতবিনিময় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সাংবাদিক বিপুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের মতামতের সাথে সুনির্দিষ্ট কার্যক্রমভিত্তিক নানা প্রেক্ষাপট তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন ও প্রতিষ্ঠাতাব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাঈদুল আরেফীন। শুরুতে পারায়ণ প্রকল্পের বছর ভিত্তিক নানা তথ্য উপাত্ত কার্যক্রম প্রতিবেদন তুলে ধরেন প্রকল্পের এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী। এতে ‘পরিবর্ত কর্ণারে’ নির্যাতিত ও অসহায় নারীদের সুখ দুঃখের গল্প গাঁথা এবং মাঠ পর্যায়ের তথ্য নির্ভর নানা কেস হিস্ট্রি জেণ্ডার সংবেদনশীলতার ওপর প্রামাণ্য বিষয়াদি উপস্থাপন করেন কাউন্সিলর কাম ট্রেইনার শান্তা মল্লিক।

উল্লেখ্য, বাঁশখালী থানার ৮টি ইউনিয়ন, পটিয়া থানা ও কর্ণফুলী থানার ১টি করে ইউনিয়ন, বাকলিয়া থানার ৩ টি ওয়ার্ড, কোতোয়ালী থানার ২টি ওয়ার্ডের নানা পর্যায়ে চলমান পারায়ন প্রকল্পের বাস্তবায়নে নারী যেমন প্রাধান্য পেয়েছে যুব পুরুষ ও নারীদের একীভূত করা হয়েছে। এতে মিডিয়া ক্যাম্পেইনে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন আন্তঃ সংলাপের মাধ্যমে সমাজের সহিংসতা, ইস্যুভিত্তিক নির্যাতন ও অনাচার প্রতিরোধমূলক বিষয়াদি তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে। প্রকল্পের উপস্থাপিত তথ্য উপাত্তের ওপর নারী নির্যাতনের মাত্রা কমিয়ে আনতে সাংবাদিকরা তাঁদের বিশ্লেষণধর্মী সুপারিশ,মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক জাহেদ মোতালেব, আল রাহমান, মিজানুর রহমান, মনীষা আচার্য প্রমূখ। উপস্থিত ছিলেন নারী মুক্তি সঙ্গীদলের সভাপতি আরজু বেগম, সদস্য নাসিমা বেগম, জেএসইউএস প্রোগ্রাম অফিসার (এসডিপি) মো. রুবেল, প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার সেহেলী সুলতানা, ফিল্ড অফিসার রুম্পা বণিক, ফিল্ড অফিসার শাহীনূর আক্তার প্রমুখ। বক্তারা বলেন, সামাজিক সৃষ্ট বৈষম্য ও অনাচারেই নারীর ন্যায্যতা পিছিয়ে রয়েছে। লিঙ্গ অসমতা নিরসন, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধও নির্মূল করা, নারীও যুবদের দলগঠন করা সর্বোপরি মৌলিকমানবাধিকার ও ন্যায্যতা ও সমতাভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সরকারের সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে। সভাপতি বিপুল বড়ুয়া জেএসইউএসের কার্যক্রমকে আরো অবারিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে ওঠে আসা তথ্যের ভিত্তিতে আগামীদিনে প্রকাশনার মাধ্যমে নারী নির্যাতনের সচিত্র তথ্যসহ উপস্থাপনের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক অবস্থায় শনাক্ত হলে ফ্যাটি লিভার নিরাময় সম্ভব
পরবর্তী নিবন্ধচবিতে ফিরল জোবাইক পরীক্ষামূলক চালু ১০ ই-বাইক