সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

উইমেন’স ফুটবল লিগে আলো ছড়ানো আলপি আক্তার, ইয়ারজান বেগম, মুনকি আক্তারদের নিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ। নেপালের পোখারায় আগামী শনিবার শুরু হবে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ২ ফেব্রুয়ারি ভারত, ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাটলারের দল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। এই টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার ২৩ জনের দল দিয়েছেন বাটলার। জাতীয় দলের হয়ে গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ইয়ারজান ও মুনকি যেমন আছেন, তেমনি থুইনুই মারমা ও মামনি চাকমার মতো বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য পাওয়ারা আছেন এই স্কোয়াডে। অনূর্ধ্ব১৮, ১৯ ও ২০এই তিন ফরম্যাটে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি এর আগে মাঠে গড়িয়েছে সব মিলিয়ে ছয়বার। চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একবার শিরোপা জিতেছে ভারত; ২০২২ সালে অনূর্ধ্ব১৮ বছর বয়সীদের প্রতিযোগিতায়। মাঝে ২০২৪ সালে কমলাপুরে অনূর্ধ্ব১৯ বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে ঘটে অদ্ভূতুড়ে সব কাণ্ড। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১১ ড্রয়ের পর, টাইব্রেকারে ১১১১ সমতা থাকা অবস্থায় ম্যাচ কমিশনার টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন। বাংলাদেশ এই সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি জানিয়ে টাইব্রেকার চালিয়ে যাওয়ার দাবি তোলে। নানা পক্ষের আলোচনা শেষে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে সাফ। সবশেষ ২০২৫ সালের আসর হয়েছিল বাংলাদেশে, অনূর্ধ্ব২০ বছর বয়সীদের নিয়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস অর্পিতা, সুরভি রানী, ক্রানুচিং মারমা, পুজা দাস, প্রতিমা মুন্দা, সুরভি আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্দি, বন্যা খাতুন, রুপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মিরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পুর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সুরভি আকন্দ প্রীতি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধচসিক একাদশ,ইস্পাহানির শুভ সূচনা