সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পঞ্চদশ আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে এই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ গ্রুপ পর্ব শুরু করবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এবারের সাফ। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ।মঙ্গলবার সূচি ঘোষণা করেছে সাফ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে; ১১ নভেম্বর। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, এ পর্যন্ত নয়টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে এই ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে মালদ্বীপ। সবশেষ ২০২৩ সালে বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানকে ৪০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। সেবার বাংলাদেশ খেলেছিল শেষ চারে। ১৪ নভেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর হবে শিরোপা লড়াই।

পূর্ববর্তী নিবন্ধটিসিজেএ’র বার্ষিক ইনডোর ক্রীড়ার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধইমরান খানের সুচিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি