সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, পরিবেশন ও রাত ৮টার পর দোকান খোলা রাখায় এক রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কেরানীহাট ও দস্তিদারহাট এলাকায় এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, কেরানীহাটে মেহফিল রেস্তোরাঁ নামে একটি খাবার হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার বিষয়ে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় ওই রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রেখে অতিরিক্ত আলোকসজ্জা করার অপরাধে দস্তিদারহাট এলাকায় দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












