সাকলাইনকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন অধিনায়ক লিটন

| সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ অধিনায়ক লিটনের কাছে সাকলাইনের পরিচয় শুধুই পেস বোলার নয়, বরং একজন অলরাউন্ডার। টেপ টেনিসের জগৎ থেকে উঠে আসা সাকলাইন দেশের ক্রিকেটে এই সময়ে আলোচিত নামগুলির একটি। ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপে দারুণ পারফর্ম করে এবার জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে ঠাঁই পেয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। সিরিজ শুরুর আগের দিন লিটন যা বললেন, তাতে সিরিজের শুরুতেই হয়তো খেলার সুযোগ পাবেন না সাকলাইন। তবে তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন অধিনায়ক। ‘সাকলাইন আমার চোখে অলরাউন্ডারের ক্যাটেগরিতে। ও বিপিএল লিগে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। যেখান থেকেই কিন্তু এই… ‘আই ক্যাচিং’ বলে একটা ব্যাপার আছে না, সেখান থেকেই। কাজেই চেষ্টা করব এখানে গ্রুমিং করে করে দলের সঙ্গে রেখে রেখে যেন একটা সময়ে গিয়ে তাকে আমরা খেলাতে পারি এবং খেলায় যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে।’ সাকলাইনের ব্যাটিং পরিসংখ্যান থেকে যদিও আশার জায়গা খুব একটা নেই। স্বীকৃত ক্রিকেটে কোনো ফিফটি তিনি এখনও করতে পারেননি। তবে ব্যাটের ধার তিনি দেখিয়েছেন নানা সময়ে। বিশেষ করে, ছক্কা মারার সহজাত সমর্থ্য তার ব্যাটিংয়ে গেছে। গত নভেম্বরে কাতারে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে প্রবল চাপের মধ্যে শেষ দিকে এক ওভারে দুটি ছক্কা মেরেছিলেন তিনি। গত বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে করেছিলেন ৩ ছক্কায় ১৫ বলে ৩২। শুধু সাকলাইন নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে এই টিটোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন আরেক নবীন রিপন মন্ডল।

বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ দুই পেসারকে।

পূর্ববর্তী নিবন্ধদেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধ২ ঘণ্টার নিচে দৌড়ে প্রথম ম্যারাথন জিতলেন কেনিয়ার সাওয়ে