সন্ত্রাস ও নৈরাজ্য সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে

চীবরদান উৎসবে সরওয়ার জামাল এমপি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কখনো ধর্ম বর্ণে ভেদাভেদ বিশ্বাস করে না। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশে একটি বিশেষ গোষ্ঠী সরকারবিরোধী কার্যক্রম চালানোর অপচেষ্টা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশ থেকে মাদক নির্মূল করতে হবে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।

গতকাল শুক্রবার বিকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার শতাব্দীর ঐতিহ্যবাহী প্রাক্তন পূর্ণচন্দ্র ভিক্ষুর বন বিহার, বড়গাং বৌদ্ধ বিহারে ৩০তম কঠিন চীবরদান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথিদের মাঝে সরওয়ার জামাল নিজাম এমপির সহধর্মিণী এস জে নিজাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজনীন নিজাম, বৌদ্ধ বিহার ও কঠিন চীবরদান উৎসব পরিচালনা কমিটি, বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, কর্ণফুলী উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধগণমানুষের কল্যাণে নিবেদিত নেত্রী ছিলেন বেগম রোজী কবির