চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী উপজেলার একমাত্র কলেজ আব্দুল জলিল চৌধুরী (এজে চৌধুরী) কলেজ সরকারিকরণের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, কর্ণফুলীর এজে চৌধুরী কলেজটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি উপজেলার একমাত্র কলেজ। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী এ প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, কর্ণফুলী উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি হলো, কলেজটি সরকারিকরণ করা। জরুরি ভিত্তিতে কলেজটি সরকারিকরণ করা হলে এলাকার শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে।
সরওয়ার জামাল নিজাম শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকার শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে এজে চৌধুরী কলেজ সরকারিকরণের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।











