শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির আশা বাংলাদেশের

যুব এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার বাংলাদেশ হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই জয়ে ভালোভাবেই টিকে রইল সেমিফাইনালে খেলার সম্ভাবনা। যুব এশিয়া কাপের ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ২৪৬ রানের লক্ষ্যে ২০০ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ‘বি’ গ্রুপে বাংলাদেশের এটি প্রথম জয়। মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কার এটি প্রথম পরাজয়। দুই দলের সামনেই খোলা সেমিফাইনালের সম্ভাবনা। প্রথম দুই ম্যাচ জেতা আফগানিস্তানের জন্য প্রায় নিশ্চিত সেরা চারের টিকেট। সবুজ উইকেটে বাংলাদেশকে ভালো পুঁজি এনে দেওয়ার কারিগর আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়াম। দুজনই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বল হাতে অবদান রাখেন তিন পেসার তাফিউল আলম আমিম, শেখ আতিকুর রহমান ও রুবাই ইসলাম রিজন। টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন আবদুল্লাহ আল মুহি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩০ রান করে আউট হন তিনি। সিয়াম, মুমিন তৃতীয় উইকেটে গড়েন ৬৮ রানের জুটি। ৫৯ রান করে আউট হন সিয়াম। একপ্রান্ত আগলে রেখে এগোতে থাকেন মুমিন। ৯৮ বলে তিনি করেন ৮৩ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কিছু করতে পারেননি। তাই আড়াইশর আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ৫২ রানে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরাত্নে। এছাড়া গিমহান মেন্ডিসের শিকার ৩ উইকেট। রান তাড়ায় কখনোই তেমন সম্ভাবনা জাগাতে পারেনি শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় তারা। তিন নম্বরে নেমে এক প্রান্ত আগলে রাখেন সেনুজা ওয়েকুনাগোদা। তবে অন্য পাশ থেকে কোনো রকমের সহায়তা পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩৭তম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ৯৫ বলে ৮৫ রান করেন ওয়েকুনাগোদা। দলের আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তামিম, আতিকুর, রিজন ও রবিউল হাসান অনিক। একই মাঠে সোমবার বেলা ১১টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য মাঠে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দলই নিজেদের ম্যাচে জয় পেলে জমে উঠবে সেমিফাইনালের সমীকরণ।

পূর্ববর্তী নিবন্ধকর্পোরেট ফুটসাল টুর্নামেন্টে এশিয়ান গ্রুপ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসিজেকেএস নির্বাচন : অবশেষে আঁধার কেটে আলোর পথে