শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চাতরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিটিএ’র আনোয়ারা উপজেলা শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফান চৌধুরীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন। বিশেষ অতিথি ছিলেন বিটিএ দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ এইচ এম সৈয়দ হোসেন এবং বিটিএ আঞ্চলিক শাখার সভাপতি নাসির উদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, মোহাম্মদ ছবুর, তোফায়েল আহমদ, আবু তাহের, সঞ্জীব সিংহ, যুবরাজ চন্দ্র দাশ, নাছিমা সুলতানা ও রেজাউল করিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, একই কারিকুলাম নিয়ে কাজ করা সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন–ভাতা এবং অন্যান্য সুযোগ–সুবিধার ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এ বৈষম্য দূর করা না হলে দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষা জাতীয়করণের দাবি জানান।












